প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:৩৯ এএম
21
শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হারকিউলিস সি-১৩০ সামরিক বিমান
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রে নির্মিত হারকিউলিস সি-১৩০ মডেলের একটি সামরিক কার্গো বিমানটিতে প্রায় ১১০ জন সৈন্য ছিলেন। তারা একটি সামরিক মিশনের অংশ হিসেবে যাত্রা করছিলেন।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, পেরু সীমান্ত সংলগ্ন আমাজন অঞ্চলের গভীরে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। এতে করে হতাহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি একটি জনবসতি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন-এর কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারির শেষদিকে বলিভিয়া-তে একই ধরনের একটি হারকিউলিস সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়ে ২০ জনের বেশি মানুষের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।