শনিবার ২৮, মার্চ ২০২৬

শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --

কলম্বিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:০১ এএম

23

দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা

দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এতে এখন পর্যন্ত অন্তত ৬৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ মার্চ) পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন।

পুয়ের্তো লেগুইজামোর মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় গণমাধ্যমকে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ইতোমধ্যে ৬৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা ৮০ জনের কাছাকাছি পৌঁছাতে পারে।

বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন নির্মিত হারকিউলিস সি-১৩০ মডেলের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটি উড্ডয়নের পর প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বিমানটি কোনো ধরনের হামলার শিকার হয়নি। পাশাপাশি তিনি বলেন, বিমানের চালকরা ছিলেন দক্ষ ও অভিজ্ঞ।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!