বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

৯ হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের সাবেক কমিশনারসহ ৬ কর্মকর্তাকে তলব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

4

আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার কমিয়ে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক কমিশনারসহ ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

তলবকৃতদের মধ্যে রয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সাবেক চেয়ারম্যানরা। তাদের আগামী ৯ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষরিত পৃথক নোটিশের মাধ্যমে এই তলব করা হয়।

তলব পাওয়া অন্যান্য কর্মকর্তারা হলেন— সুনীল কান্তি বোস, মো. আহসান হাবিব খান, ড. শাহজাহান মাহমুদ, মো. রেজাউল কাদের এবং মো. আমিনুল হাসান। সংশ্লিষ্ট মামলায় তারা সবাই আসামি বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক কলের টার্মিনেশন রেট কমিয়ে দেয়। একই সঙ্গে সরকারের রাজস্ব ভাগও কমিয়ে দেওয়া হয়, যা বেআইনি বলে উল্লেখ করা হয়েছে।

এতে রাষ্ট্রের প্রায় ৯ হাজার ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এর মধ্যে রেভিনিউ শেয়ার কমানোর কারণে কয়েকশ কোটি টাকা এবং কম রেটে কল গ্রহণ ও বৈদেশিক মুদ্রা আদায়ে ঘাটতির কারণে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই ঘটনায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে, সাবেক কমিশনার মো. জহুরুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পৃথক অনুসন্ধানও চলমান রয়েছে বলে জানা গেছে।

Link copied!