সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৩:৫৯ পিএম

অর্থনীতি, নীতি ও শিল্পের বাস্তবতা তুলে ধরতে তথ্যনির্ভর আলোচনার উদ্যোগ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৩ এএম

1705

দেশের পোশাক শিল্প এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রথমবারের মতো একটি পডকাস্ট সিরিজ চালু করেছে বিজিএমইএ।

 

বর্তমান পরিচালনা পর্ষদের এই উদ্যোগটি পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের রূপরেখা প্রণয়নের একটি সুস্পষ্ট প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এই পডকাস্ট সিরিজে অংশ নিচ্ছেন পোশাক শিল্পের ভেতর ও বাইরের খ্যাতিমান ব্যক্তিরা। ব্যাংকার, ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকরা এতে যুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অভিজ্ঞতা, বিশ্লেষণ এবং সুপারিশ তুলে ধরছেন। এর ফলে শিল্প সংশ্লিষ্ট বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি সমন্বিত ধারণা তৈরি হচ্ছে।

পডকাস্টের আলোচনায় উঠে আসছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সম্ভাব্য প্রভাব, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তন এবং তার শিল্প প্রবৃদ্ধির ওপর প্রভাবসহ সময়োপযোগী নানা বিষয়। তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী এই সংলাপ নীতিনির্ধারকদের জন্য কার্যকর দিকনির্দেশনা তৈরি করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় আরও দূরদর্শী ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া, তৈরি পোশাক শিল্পকে ঘিরে প্রচলিত ভুল ধারণা ও অপপ্রচার দূর করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তথ্যের নিরপেক্ষতা বজায় রেখে শিল্পের প্রকৃত চিত্র, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করতে চায় বিজিএমইএ। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই খাতের বিশাল অবদান থাকা সত্ত্বেও এটি প্রায়ই নানা ভুল ব্যাখ্যার শিকার হয়। নতুন এই প্ল্যাটফর্মে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে সেই বিভ্রান্তি দূর করার চেষ্টা করছেন।

বিজিএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী এবং ব্র্যান্ডিং বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম শুভ এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, পডকাস্টটি শিল্পের সমসাময়িক ইস্যুগুলো নিয়ে গঠনমূলক আলোচনা এবং কার্যকর ধারণা তৈরির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। তারা আরও জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পোশাক শিল্পকে সঠিকভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে, যা বৈশ্বিক বাজারে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সহায়তা করবে এবং “মেড ইন বাংলাদেশ” ব্র্যান্ডকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

বিশ্ববাজারের পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের পোশাক খাত যখন এগিয়ে যাচ্ছে, তখন এই পডকাস্ট সিরিজ একটি আধুনিক যোগাযোগ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি জ্ঞান বিনিময় এবং নীতি নির্ধারণী আলোচনার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতোমধ্যে এই সিরিজের দুটি পর্ব প্রকাশিত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় বিষয় নিয়ে আরও বেশ কিছু পর্ব প্রস্তুত রয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এসব পর্ব বিজিএমইএ-এর নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম—সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে। এর ফলে শিল্প সংশ্লিষ্ট অংশীজন থেকে শুরু করে সাধারণ মানুষও সহজেই এই আলোচনায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

আসন্ন পর্বগুলোর নিয়মিত আপডেট জানতে বিজিএমইএ-এর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Link copied!