প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৫৭ এএম
1700
১৪ মে ২০২৬, ১১:০০ পিএম
বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চালু হয়েছে এনজিও-মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোর্সড পুলড ফান্ড। নতুন এই তহবিলের মাধ্যমে দুর্যোগকালীন জরুরি অর্থায়ন, দ্রুত মানবিক সহায়তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করা হবে।
সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তহবিলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তহবিলটির উদ্যোক্তা স্টার্ট বাংলাদেশ হাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের জাতীয় এনজিও ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতা, অভিজ্ঞতা ও সম্পদকে কাজে লাগিয়ে এই উদ্যোগ পরিচালিত হবে। এর মাধ্যমে দুর্যোগ ও মানবিক সংকটে দ্রুত অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি পূর্বাভাসভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের উদ্যোগ দেশের উন্নয়ন এবং সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয়ভাবে পরিচালিত এই তহবিল দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় একটি কার্যকর মাইলফলক হিসেবে কাজ করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই তহবিলের অন্যতম লক্ষ্য হলো দুর্যোগপ্রবণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তহবিলে অংশগ্রহণকারী জাতীয় এনজিওগুলোর মধ্যে রয়েছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পপি এবং এসকেএস ফাউন্ডেশন।
স্টার্ট বাংলাদেশ হাব জানায়, এটি দেশি-বিদেশি ৪০টি এনজিওর একটি জোট। এর মধ্যে ২২টি স্থানীয় এনজিও এবং ১৮টি আন্তর্জাতিক এনজিও (আইএনজিও) রয়েছে। স্থানীয়ভাবে পরিচালিত মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করাই এই জোটের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাকির আহমেদ খান, মো. হেলাল উদ্দিন, মো. সাইদুর রহমান খান, মো. জাকারিয়া এবং বাংলাদেশের নিযুক্ত সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মার্টিল্ডা সভেনসনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।