প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:১৩ পিএম
1698
১৪ মে ২০২৬, ০৪:৪৬ পিএম
লা লিগায় নিজেদের ২৯তম শিরোপা নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা ধরে রাখল হ্যান্সি ফ্লিকের দল। একই সঙ্গে মৌসুমের আরেকটি এল ক্লাসিকো জিতে উৎসবে মেতে ওঠে কাতালান ক্লাবটি।
রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঠে ২-০ গোলের জয় পায় বার্সেলোনা। এই জয়ের ফলে তিন ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা নিশ্চিত করে ফেলে তারা। ইতিহাসে এটি বার্সার ২৯তম লিগ শিরোপা, যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ অর্জন।
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ব্যক্তিগতভাবে শোকের মুখোমুখি হন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তবে শোককে শক্তিতে পরিণত করে তিনি দলকে মাঠে নেতৃত্ব দেন। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা।
প্রথম গোলটি আসে মার্কাস র্যাশফোর্ডের পা থেকে। ডি বক্সের বাইরে ফ্রি কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। লিগে এটি তার সাম্প্রতিক ফর্মেরই ধারাবাহিকতা, যেখানে শেষ ছয় ম্যাচে চারটি গোল করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
এরপর বেশি সময় অপেক্ষা করতে হয়নি বার্সাকে। মাত্র ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। ডি বক্সে দানি ওলমোর কাছ থেকে বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন তিনি। এই মৌসুমে এটি তার ১৬তম লিগ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২১তম গোল।
প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণ করার চেষ্টা করলেও বার্সার রক্ষণ ভাঙতে পারেনি তারা।
এই জয়ের মাধ্যমে ৩৫ রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৯১, যেখানে ৩০ জয় ও ১ ড্র রয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭।
২০২৪ সালের গ্রীষ্মে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় মৌসুমেই বার্সাকে টানা লিগ শিরোপা এনে দেন হ্যান্সি ফ্লিক। এবার তাদের লক্ষ্য মৌসুম শেষে ১০০ পয়েন্ট অর্জন করা।
বার্সেলোনার বাকি তিনটি ম্যাচ রয়েছে আলাভেস, রিয়াল বেটিস ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এই তিন ম্যাচে জয় পেলে তারা পয়েন্টের সেঞ্চুরি স্পর্শ করবে।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগেও উত্তেজনা তুঙ্গে। ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে গেছে আর্সেনাল। টানা জয়ের ধারা ধরে রেখে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি পিছিয়ে রয়েছে ৫ পয়েন্টে।