প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:১০ পিএম
1709
৩১ মে ২০২৬, ০২:১২ এএম
এনসিপি
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদ্য ঘোষিত মহানগর আহ্বায়ক কমিটি ঘিরে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যেই দলটির ২২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সদস্য পর্যায়ের নেতারাও রয়েছেন।
শুক্রবার (১৫ মে) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বর্তমান কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ। এর আগে বৃহস্পতিবার মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, পদ বাণিজ্য, মামলা বাণিজ্য এবং ব্যক্তিস্বার্থসংশ্লিষ্ট নানা অভিযোগও তোলেন তারা।
পদত্যাগ করা নেতাদের ভাষ্য অনুযায়ী, আদর্শভিত্তিক ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা নিয়ে তারা সংগঠনের সঙ্গে যুক্ত হলেও সাম্প্রতিক কমিটি গঠন সেই প্রত্যাশাকে ব্যাহত করেছে। তারা মনে করছেন, সংগঠনের ভেতরে নৈতিকতা ও জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়েছে।
হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, তারা কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। কেন্দ্র থেকে কমিটি বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও তাদের আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, নতুন কমিটিতে এমন কিছু ব্যক্তি স্থান পেয়েছেন যারা অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একই পরিবারের একাধিক সদস্যকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা অনেক নেতাকর্মীকে মূল্যায়ন করা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন পদত্যাগকারীরা।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন— সৈয়দ এহছানুল হক, কামরুল কায়েস, মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, ইকবাল মাসুদ, রকিবুল ইসলাম, ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান, মোস্তফা রাশেদ আজগর, মোহাম্মদ রাফসান জানি রিয়াজ, মো. নুরুদ্দীন, মোহাম্মদ বেলাল হোসেন, মো. ওমর সাঈদ এবং তাহজীব চৌধুরী।
নতুন কমিটি ঘোষণার পরপরই এতসংখ্যক নেতাকর্মীর একযোগে পদত্যাগ দলটির সাংগঠনিক অবস্থান ও অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে চট্টগ্রামে দলটির সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।