রবিবার ৩১, মে ২০২৬

৩১ মে ২০২৬, ০২:১২ এএম

দেশের স্বার্থ বিনষ্ট করে কাউকে চুক্তি করতে দেব না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৪:০৬ পিএম

1699

ফারাক্কা লং মার্চ দিবসে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো ধরনের চুক্তি করতে দেওয়া হবে না। দেশের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (১৬ মে) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘ফারাক্কা লং মার্চ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফারাক্কা দিবস এখন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানী সারাজীবন দেশের মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন এবং কখনো ক্ষমতার লোভ করেননি। তিনি দেশের মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্য ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, গঙ্গা ও পদ্মা নদী দেশের বিশাল জনগোষ্ঠীর জীবন, কৃষি ও জীববৈচিত্র্যের সঙ্গে জড়িত। ফারাক্কা বাঁধের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে পরিবেশ, কৃষি ও মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

বিএনপির মহাসচিব আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে ফারাক্কা ইস্যু তুলে ধরে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। পরে খালেদা জিয়াও এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করেন।

তিনি দাবি করেন, গঙ্গা পানি চুক্তি স্বল্পমেয়াদি না হয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর হওয়া প্রয়োজন। কারণ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

মির্জা ফখরুল বলেন, পানি প্রবাহ নিশ্চিত না হলে দেশের নদী ও কৃষি বড় সংকটে পড়বে। একই সঙ্গে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্তকে তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে গঙ্গা পানি চুক্তির বিষয়ে দ্রুত কার্যকর সমাধানে পৌঁছানো প্রয়োজন। অন্যথায় দুই দেশের সম্পর্কের ওপরও এর প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Link copied!