শনিবার ৩০, মে ২০২৬

৩০ মে ২০২৬, ১০:৫৩ পিএম

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’—জবিতে ছাত্রদলের প্রচার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:২০ এএম

1705

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’—এই বার্তা সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বিতরণ করা লিফলেটে গণভোটের চারটি প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরে বিএনপির অবস্থান বিস্তারিতভাবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নের কিছু অংশ জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল।

লিফলেটে আরও বলা হয়, বিএনপি ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও সেটি সংসদের আসনসংখ্যার আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করে। একই সঙ্গে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়—এমন উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়ার বিরোধিতা করে দলটি।

এতে উল্লেখ করা হয়, জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিষয়ে জনগণের সমর্থন পায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

প্রচারপত্রে গণভোটের ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নের প্রতি বিএনপির পূর্ণ সমর্থনের কথাও তুলে ধরা হয়। সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালী করা এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর মতো বিভিন্ন সংস্কার বাস্তবায়নে দলের অঙ্গীকারের কথা বলা হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং অপপ্রচারের জবাব দিতেই তারা এ প্রচার কার্যক্রম চালাচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি গণতন্ত্র পুনর্গঠন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেয় এবং জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দেশের ভবিষ্যৎ তরুণ সমাজের হাতে। তাই শিক্ষার্থীদের মতামত, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনার নতুন ধারা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষাবান্ধব রাষ্ট্র গঠনে জুলাই জাতীয় সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Link copied!