প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:০৭ পিএম
1700
২৫ মে ২০২৬, ১১:০০ এএম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাহিনীর সার্বিক সক্ষমতা উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের ভূমিকম্পের ঝুঁকির বাস্তবতা বিবেচনা করে ফায়ার সার্ভিসের আধুনিকায়ন এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ‘ফায়ার সার্ভিস সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরাই সবার আগে মানুষের পাশে দাঁড়ান। জীবন বাজি রেখে কাজ করা এই বাহিনীর জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"
এদিন বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পাসিং আউটের মাধ্যমে আড়াই শতাধিক নতুন সদস্য ফায়ার সার্ভিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯ জন নতুন সদস্যকে পদক পরিয়ে দেন। এছাড়া সাহসিকতা ও রাষ্ট্রীয় সেবার স্বীকৃতিস্বরূপ আরও ২০ জন সদস্যকে বিশেষ পদকে ভূষিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গত তিন বছরে বিভিন্ন ক্যাটাগরিতে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য আরও ১৩৮ জন সদস্যকে পর্যায়ক্রমে পদক প্রদান করা হবে।