প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১২:০৭ পিএম
1694
১৩ জুন ২০২৬, ০৩:০২ পিএম
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আন্তর্জাতিক মণ্ডলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল মুসলিম ইয়ুথ ফোরাম’ (IMYF) ২০২৬-এ আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ দুই নেতা। তাঁরা হলেন—সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী।
গতকাল শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সচিত্র পোস্টের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
ফেসবুক পোস্টে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশের যুব প্রতিনিধি, শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কূটনীতিক ও সামাজিক ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাকার্তায় এ আন্তর্জাতিক ফোরামটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে বর্তমান আধুনিক ও ডিজিটাল বিশ্বে মুসলিম যুবসমাজের বৈশ্বিক নীতি নির্ধারণী ভূমিকা, মুসলিম বিশ্বের সামনে বিদ্যমান বিভিন্ন ভূরাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের মুসলিম স্কলার ও বক্তারা মুসলিম বিশ্বের বর্তমান রাজনৈতিক স্থবিরতা, অর্থনৈতিক মন্দা এবং বুদ্ধিবৃত্তিক সংকট দূরীকরণে তরুণ ও যুবসমাজের অগ্রণী ভূমিকা ও ভবিষ্যৎ করণীয়সমূহ যুক্তিযুক্তভাবে তুলে ধরেন। পাশাপাশি সমসাময়িক জটিল বৈশ্বিক প্রেক্ষাপট ও আইটি যুগে মুসলিম তরুণদের আন্তর্জাতিক মানের নেতৃত্ব প্রদান, আধুনিক কারিগরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন এবং বিশ্বব্যাপী ভাতৃত্ব ও পারস্পরিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের তরুণ মুসলিম নেতাদের মধ্যে নিজেদের কাজের অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক মেলবন্ধন এবং ভবিষ্যতে যৌথভাবে জনকল্যাণমূলক কাজের লক্ষ্যেই এ ফোরামের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বিভিন্ন দেশের মুসলিম যুব নেতাদের সাথে দ্বিপাক্ষিক মতবিনিময়ও করেন।