রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লায় ‘উধাও’ মিনি স্টেডিয়াম: সংসদে অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

2004

কুমিল্লা জেলায় কাগজে-কলমে থাকা একটি মিনি স্টেডিয়ামের বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ জাতীয় সংসদে উত্থাপন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, নানা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে স্টেডিয়ামের জমি ও বরাদ্দকৃত সম্পদ নিয়ে দুর্নীতি সংঘটিত হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে বাতিল নোটিশের ওপর আলোচনার সময় তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

সংসদ সদস্য তার বক্তব্যে জানান, ২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গঠনের পর সেখানে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রশাসনিকভাবে এর নামকরণ ও বরাদ্দ নিশ্চিত করা হলেও বর্তমানে বাস্তবে এ ধরনের কোনো স্থাপনার সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়েও কুমিল্লা জেলায় এই স্টেডিয়ামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, যদিও সরকারি নথিতে এর অস্তিত্ব উল্লেখ রয়েছে।

তিনি অভিযোগ করেন, স্টেডিয়ামের জন্য অধিগ্রহণ করা জমির রেকর্ডে অনিয়ম করা হয়েছে। পাশাপাশি ক্রীড়া সামগ্রী আত্মসাৎ এবং বরাদ্দকৃত অর্থের অপব্যবহারের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। আরও গুরুতর অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট জমি ও সম্পদের মূল নথিপত্র দপ্তর থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে।

দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা তুলে ধরে তিনি বলেন, বিষয়টি এখন তার জন্য ব্যক্তিগত ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় জনগণের কাছে জবাবদিহি করতে না পারার হতাশা প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান, স্টেডিয়ামের প্রকৃত অবস্থান শনাক্ত করে তা উদ্ধার এবং সংশ্লিষ্ট অনিয়মের তদন্তের উদ্যোগ নেওয়া হোক।

Link copied!