প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
1706
১৪ জুন ২০২৬, ০৫:৪৩ এএম
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস-কে সংবর্ধনা দিয়েছে গ্রামীণ ব্যাংক।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর মিরপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১টার দিকে প্রফেসর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরবর্তীতে আয়োজিত টাউন হল সেশনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি গ্রামীণ ব্যাংকের সূচনালগ্নের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণ ধারণার সূচনা হয়। সে সময় চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র নারীদের স্বল্প পরিমাণ ঋণ প্রদানের মাধ্যমে ছোট উদ্যোগ শুরু হয়, যা পরবর্তীতে একটি বৈশ্বিক মডেলে পরিণত হয়।
তিনি আরও উল্লেখ করেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে গ্রামের নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। শিক্ষা, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক সক্ষমতায় তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।
২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অবসর নেওয়ার পর এই প্রথম তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে তিনি গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।