বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

17

সিকেডি হাসপাতালের বাইরের দৃশ্য

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫)। মামলার মূলহোতা মঈন উদ্দিনকে নড়াইল জেলার কালিয়া এলাকা থেকে আটক করা হয়েছে।

এর আগে, হাসপাতালটিতে চাঁদাবাজির ঘটনায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ১১ এপ্রিল হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে জানা যায়, ১০ এপ্রিল সকালে মঈন উদ্দিনের নেতৃত্বে একদল লোক হাসপাতালের ভেতরে প্রবেশ করে চাঁদা দাবি এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। ওই সময় তারা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে।

হাসপাতালের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালে ঢুকে কর্মীদের হুমকি দিচ্ছেন। এমনকি নিয়ম অমান্য করে তিনি জোরপূর্বক অস্ত্রোপচার কক্ষে প্রবেশ করেন এবং সেখানে দায়িত্বরত এক কর্মীকে শারীরিকভাবে হেনস্তা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েক মাস ধরে মঈন উদ্দিন বিভিন্নভাবে প্রতিষ্ঠানটির ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। তিনি জোরপূর্বক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য পণ্য সরবরাহের চেষ্টা করেন এবং একাধিকবার মোটা অঙ্কের অর্থ দাবি করেন।

এছাড়া হাসপাতালের কিছু কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার জন্যও চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ রয়েছে।

অধ্যাপক ডা. কামরুল ইসলাম জানান, এর আগেও তিনি হুমকির মুখে পড়েছিলেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে সহযোগিতা চাইলেও কার্যকর সহায়তা পাননি। বরং অভিযুক্ত ব্যক্তি একাধিকবার লোকজন নিয়ে হাসপাতালে এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছেন।

Link copied!