প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
1
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
ব্যারিস্টার সুমন
রাজধানীতে আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত। বর্তমানে কারাগারে থাকা অবস্থাতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
রোববার নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় মনোনয়ন ফরমে স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ এই আবেদন জমা দেন।
আবেদন সূত্রে জানা যায়, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল। তবে ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে থাকায় সরাসরি ফরমে স্বাক্ষর দেওয়া সম্ভব নয়। এজন্য জেল বিধি অনুযায়ী জেলা প্রশাসনের অনুমতি গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ জানান, তার মক্কেল নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং সে জন্য মনোনয়ন ফরমে স্বাক্ষর করা প্রয়োজন। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় অনুমতি প্রদান করে তার স্বাক্ষর সংগ্রহের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা চলমান রয়েছে। কারাগারে থাকা অবস্থাতেও তিনি পেশাজীবীদের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি অব্যাহত রেখেছেন।