রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

দেশে পেপালের কার্যক্রম চালু করার কমিটি গঠিত হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

2019

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যকর পরিচালনা এবং দেশে পেপালের কার্যক্রম চালু করতে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগও নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ সব তথ্য জানান। 


এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে পেপাল। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ বিষয়ে আগ্রহ দেখায় আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটি।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে। মূলত ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও আইটি খাতে সহজভাবে লেনদেন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন ।

ওই সময় পেপালের দক্ষিণ এশিয়া (সিঙ্গাপুরভিত্তিক) টিম বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠকও করেছিল।

পেপাল বিশ্বের ২০০টিরও বেশি দেশে অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য ব্যবহৃত একটি বিশ্বস্ত ডিজিটাল পেমেন্ট সেবা (Digital Payment Service)।

Link copied!