প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
2002
শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কৃষকরা হাওরে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তীব্র বজ্রপাত শুরু হলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রাঘাতে আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নাজমুল হোসেন নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ধর্মপাশা উপজেলায় পৃথক দুটি ঘটনায় হাবিবুর রহমান ও রহমত উল্লাহ প্রাণ হারান। হাবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা।
এছাড়া দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরে বজ্রপাতে লিটন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হাওরাঞ্চলে বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।