প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
1688
০৫ মে ২০২৬, ০৭:২০ পিএম
মিরপুরে দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই নিউজিল্যান্ডকে চাপে ফেলেছে বাংলাদেশ, নাহিদ রানার জোড়া আঘাতে হারিয়েছে দুই উইকেট।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতে পেরে ২ উইকেট হারিয়েছে কিউইরা।
শুরুর চার ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুজনই একটি করে মেডেন ওভার দেন। এতে প্রথম চার ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল মাত্র ৩ রান।
পঞ্চম ওভারে কেলি দুটি বাউন্ডারি হাঁকালেও রানের গতি বাড়াতে পারেনি দলটি।
এরপর অষ্টম ওভারে বল হাতে নিয়ে আঘাত হানেন নাহিদ রানা। তিনি হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ করে ফেরান।
পরের ওভারের প্রথম বলেই আবারও সাফল্য পান নাহিদ। উইল ইয়াংকে ৭ রানে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন তিনি।
দলীয় ২৫ ও ২৮ রানে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। নাহিদ রানা প্রথম দুই ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন।