মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

চাঁদপুরে ২ কোটি টাকার সড়ক ও সেতু উদ্বোধনের আগেই অ্যাপ্রোচে ধস, জনমনে ক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:৫১ এএম

1693

চাঁদপুরের কচুয়া উপজেলায় ২ কোটি ৩১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক ও সেতুর কাজ শেষ হওয়ার আগেই অ্যাপ্রোচে ধস দেখা দিয়েছে। এতে নবনির্মিত সেতু ও সংযোগ সড়কের কাঠামো ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা-নিন্দপুর রঙের বাজার সংযোগ সড়কের হরিপুর গ্রামে নির্মাণাধীন আরসিসি গার্ডার সেতুর দুই পাশের অ্যাপ্রোচে এই ধসের ঘটনা ঘটে। একই সঙ্গে গার্ডওয়াল ও সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে ফাটল ও গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে “প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস” প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ১২ মিটার দীর্ঘ সেতু ও সংযোগ সড়ক নির্মাণের দায়িত্বে রয়েছে মেসার্স হারুন অ্যান্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাঁকা তৈরি হয়েছে। সংযোগ সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং বৃষ্টির পানিতে মাটি ধুয়ে যাওয়ায় কার্পেটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এর আগেই যদি সড়ক ও সেতুর এমন অবস্থা হয়, তাহলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরও নিম্নমানের কাজ মেনে নেওয়া যায় না বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে ঠিকাদার মো. হারুনুর রশিদ বলেন, বৃষ্টির কারণে সংযোগ সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ইতোমধ্যে মেরামত করা হয়েছে। ভবিষ্যতে কোনো ক্ষতি হলে তা আবারও মেরামত করা হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন বলেন, বৃষ্টির কারণে কিছু অংশে ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ঠিকাদার এখনো সম্পূর্ণ বিল পাননি। কাজের মান যাচাই শেষে চূড়ান্ত বিল প্রদান করা হবে।

Link copied!