মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:৪৬ এএম

1688

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন দেশটির নিজস্ব অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ভারতসহ বিশ্বের সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক—এটাই বাংলাদেশের প্রত্যাশা।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, অন্য দেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক অবস্থান থাকার কথা নয়। পশ্চিমবঙ্গ-এর নির্বাচন ভারত-এর অভ্যন্তরীণ বিষয় এবং এটি তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।

তিনি বলেন, বাংলাদেশ নিজেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দীর্ঘ সময় পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ সবসময় চায়, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বজুড়ে গণতন্ত্র সুদৃঢ় হোক এবং গণতান্ত্রিক মূল্যবোধের জয় হোক।

পররাষ্ট্রনীতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, একটি দেশের পররাষ্ট্রনীতি মূলত তার নিজস্ব স্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত হয়। বাংলাদেশের ক্ষেত্রেও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং অন্য দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এই নীতিতে কোনো পরিবর্তন হবে না।

ভারতের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার পরিবর্তন হলেও কিছু বিষয় স্থায়ীভাবে বিদ্যমান থাকে। যেমন—পানি বণ্টন, সীমান্তসংক্রান্ত পুশব্যাক ইস্যু এবং অন্যান্য পারস্পরিক বিষয়। এসব সমস্যা সমাধানে আলোচনার মাধ্যমেই এগোতে হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ভারত যেকোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো সমাধানে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

Link copied!