প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:০১ এএম
1691
০৫ মে ২০২৬, ০৩:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সফরে আজ (মঙ্গলবার, ৫ মে) ঢাকায় আসছেন। তার এই সফরের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি)-এর বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সংলাপ আরও শক্তিশালী করা।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি কোনো মার্কিন বাণিজ্য প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর, যা কূটনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরকালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, কৃষিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব।
ঢাকা ও ওয়াশিংটন-এর কূটনৈতিক সূত্রে জানা গেছে, আলোচনার মূল বিষয় থাকবে এআরটি চুক্তির বাস্তবায়ন, বাণিজ্য ঘাটতি হ্রাস এবং যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানির প্রতিশ্রুতি। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩৫০ কোটি ডলারের কৃষিপণ্য এবং আগামী ১৫ বছরে প্রায় ১,৫০০ কোটি ডলারের জ্বালানি পণ্য আমদানির পরিকল্পনা নিয়েছে।
এছাড়াও মার্কিন উড়োজাহাজ ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, ডিজিটাল বাণিজ্য সহজীকরণ এবং অশুল্ক বাধা দূর করার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, ৫ থেকে ৭ মে পর্যন্ত চলা এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এর ফলে উভয় দেশের বাজারে প্রবেশ সহজ হবে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পল কাপুর ও চার্লস জে. হার্ডার-এর সফরের পর এটি ধারাবাহিকভাবে তৃতীয় উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর।