প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:৪১ এএম
1693
০৫ মে ২০২৬, ০৩:৪৭ পিএম
দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সামরিক বাহিনীকে আরও জনমুখী ও পেশাদার হিসেবে গড়ে তোলা।
মঙ্গলবার (৫ মে) রাজধানীতে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ড. শামছুল ইসলাম বলেন, জাতীয় স্বার্থে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। একই সঙ্গে তিনি জানান, একটি দক্ষ, পেশাদার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সামরিক বাহিনী গঠনের জন্য নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, গত জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে আরও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এদিকে চলমান চার দিনব্যাপী ডিসি সম্মেলনকে সরকারের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। গত ৩ মে সম্মেলনের উদ্বোধন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ৬ মে সম্মেলন শেষ হবে। এতে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।
ডিসিদের পক্ষ থেকে পাওয়া মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব এবারের সম্মেলনে উপস্থাপন করা হচ্ছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্স।
এছাড়া সম্মেলনে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় ও বিভিন্ন কার্য-অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।