মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, চলতি মৌসুমে মোট ৯ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০১:০৪ পিএম

1678

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর ফলে চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৭ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

সর্বশেষ সোমবার (৪ মে) বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের সদর এলাকার মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

এদিকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৪৩ জন হজযাত্রী রয়েছেন।

ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪টি, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

Link copied!