প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম
1685
০৫ মে ২০২৬, ০৬:৪০ পিএম
স্কট বেসেন্ট
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে দেশটির তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ চালু থাকবে।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ইরানের খার্গ দ্বীপের তেল সংরক্ষণাগার পূর্ণ হয়ে যেতে পারে। ফলে তেল রপ্তানি ব্যাহত হবে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির তেল উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। এর মাধ্যমে ইরানের প্রধান রাজস্ব উৎসে সরাসরি আঘাত হানার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।
বেসেন্ট উল্লেখ করেন, ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে। দেশটির তহবিল সংগ্রহ, স্থানান্তর এবং আটকে থাকা অর্থ মুক্ত করার সব প্রচেষ্টা পদ্ধতিগতভাবে বাধাগ্রস্ত করা হবে।
তিনি আরও বলেন, মার্কিন ট্রেজারি বিভাগ ‘ইকোনমিক ফিউরি’ কৌশলের মাধ্যমে ইরানের আর্থিক কার্যক্রম সংকুচিত করতে কাজ চালিয়ে যাবে। কোনো দেশ বা পক্ষ যদি এ ক্ষেত্রে ইরানকে সহায়তা করে, তাহলে তাদেরও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
এছাড়া ইরানের তেল বাণিজ্য সীমিত করার পাশাপাশি দেশটির আর্থিক সম্পদ জব্দের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তার দাবি, দুর্নীতির মাধ্যমে গড়ে ওঠা তহবিল ইরানের জনগণের স্বার্থে ফ্রিজ করতে যুক্তরাষ্ট্র কাজ করছে।