প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম
1689
০৫ মে ২০২৬, ০৭:১৯ পিএম
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের উইল ও’রোকের দ্বিতীয় বলেই উইকেট হারায় টাইগাররা। ডানহাতি ওপেনার সাইফ হাসান কোনো রান না করেই কট বিহাইন্ড হয়ে ফিরে যান।
ম্যাচের শুরুতে প্রথম বলটি কোনোমতে ডিফেন্স করেছিলেন সাইফ। তবে পরের বলেই গুড লেন্থে করা ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ফলে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১১টায়। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
একাদশে দুইটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।
অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৬ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনে টাইগাররা। ফলে এই ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।
বিশ্বকাপ সুপার লিগে ভালো অবস্থান ধরে রাখতে এই ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।