প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম
1703
০৫ মে ২০২৬, ০৮:৫০ পিএম
হরমুজ প্রণালি থেকে নৌমাইন অপসারণে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ সম্পূর্ণভাবে মাইনমুক্ত করতে প্রায় ছয় মাস সময় প্রয়োজন হতে পারে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইতোমধ্যে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ইরানি প্রতিরক্ষা বাহিনী সেখানে একাধিক স্থানে নৌমাইন স্থাপন করেছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে সাম্প্রতিক এক রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই সময়সীমার কথা জানান। সেখানে বলা হয়, মাইনগুলো শনাক্ত ও অপসারণ করা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে কতটি এবং কোথায় কোথায় মাইন পাতা হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত নয়। ফলে পুরো এলাকা নিরাপদ করতে অভিযান আরও জটিল হয়ে পড়েছে।
১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বজুড়ে তেল সরবরাহের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।
এদিকে মাইন স্থাপন ও উত্তেজনার কারণে প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।