মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:২৯ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

1684

ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি গ্যাস ও গ্যাসোলিনের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব সরাসরি মার্কিন ভোক্তাদের ওপর পড়তে শুরু করেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (৩.৭৮ লিটার) গ্যাস-গ্যাসোলিন গড়ে ৪ দশমিক ১৮ ডলারে বিক্রি হচ্ছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় গ্যাসোলিনের দাম ৪ দশমিক ১৫ ডলার ছাড়িয়েছিল।
এক বছর আগেও একই সময়ে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল প্রায় ৩ দশমিক ১৫ ডলার। সে তুলনায় বর্তমান মূল্যবৃদ্ধি জ্বালানি বাজারে নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, মূল সংকটের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালি। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটটিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৮ থেকে ১০টিতে।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় সরবরাহ অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে তেলের দামে চাপ তৈরি করছে, যার সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক জ্বালানি বাজারে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জ্বালানির দামে বড় পার্থক্যও দেখা যাচ্ছে। তেল ও গ্যাস উৎপাদনকারী রাজ্য টেক্সাসে প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হচ্ছে প্রায় ৩ দশমিক ৭৮ ডলারে। অন্যদিকে উৎপাদনবিহীন রাজ্য ক্যালিফোর্নিয়ায় দাম উঠেছে প্রায় ৫ দশমিক ৯৬ ডলারে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জ্বালানি মূল্য আরও বাড়তে পারে, যা পরিবহন ব্যয়, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে।

Link copied!