মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

ইরান দ্বন্দ্ব: জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:৫১ এএম

1688

ইরান ইস্যুতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো জোটসঙ্গী জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন)।

শুক্রবার এক ঘোষণায় পেন্টাগন জানায়, শিগগিরই এই সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু হবে এবং তা ধাপে ধাপে আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে।

ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি রয়েছে জার্মানিতে। দেশটিতে প্রায় ৩৫ হাজার মার্কিন সেনা ও ৫০টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। প্রস্তাবিত এই প্রত্যাহারের ফলে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর আগের অবস্থায় সেনা উপস্থিতি ফিরে যাবে বলে জানানো হয়েছে।

পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জার্মান চ্যান্সেলরের মন্তব্যকে তারা “অসহযোগিতাপূর্ণ ও অনুচিত” হিসেবে দেখছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব মন্তব্যের জবাবে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সম্প্রতি জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎস ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গে ওয়াশিংটনের অবস্থান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করে।

এর আগে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মানির অনুরোধে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল। এখন সেই অতিরিক্ত সেনা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে পেন্টাগন।

এদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইউরোপীয় মিত্ররা ইরান সংকটে যুক্তরাষ্ট্রকে যথাযথভাবে সমর্থন দিচ্ছে না। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো বলছে, তারা কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিতে চায়।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হচ্ছে, যার প্রভাব ন্যাটো জোটের ভেতরেও পড়তে পারে।

Link copied!