প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:২৯ এএম
1695
০৫ মে ২০২৬, ০৬:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি তেলবাহী জাহাজ বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে বলে জানা গেছে।
জাহাজটি বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করছে বলে সামুদ্রিক ট্র্যাকিং তথ্য প্রদানকারী সংস্থাগুলো জানিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্যাংকারটিতে রয়েছে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল, যার বাজারমূল্য আনুমানিক ২২০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা।
সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান ট্যাংকার ট্র্যাকার জানিয়েছে, ট্যাংকারটির নাম ‘হিউজ’। এটি এক সপ্তাহেরও বেশি সময় আগে শ্রীলঙ্কা-তে সর্বশেষ দেখা যায়। পরে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি অতিক্রম করে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ট্যাংকার ট্র্যাকার আরও জানায়, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবরোধ আরোপের সময় জাহাজটি ইরানি জলসীমার মধ্যে ছিল। এরপর গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে রওনা হওয়ার পর থেকে জাহাজটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ করে রাখে। ফলে দীর্ঘ সময় এর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে আসা-যাওয়া করা ৪১টি জাহাজকে তাদের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এই অবরোধ কার্যক্রম কার্যকর হচ্ছে এবং ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তারা আরও দাবি করেছেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং সংরক্ষণাগারগুলো পূর্ণ হয়ে যাওয়ায় দেশটি তেল উৎপাদনও সীমিত করতে বাধ্য হচ্ছে।