শনিবার ৩০, মে ২০২৬

৩০ মে ২০২৬, ১১:৩৬ পিএম

বাংলাদেশ-আলজেরিয়ার সম্পর্ক জোরদারে নতুন গতি: স্পিকারের প্রত্যাশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

1708

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হয়ে যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

রোববার (৩ মে) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছে, যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়ার সমর্থন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, দীর্ঘ সময়ের শাসন সংকট কাটিয়ে জনগণের আন্দোলন ও সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছে। এ সময় তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।

অন্যদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন। তিনি ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ, তৈরি পোশাক শিল্প, শিক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে আলজেরিয়া দূতাবাসের প্রতিনিধিরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!