রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০৫:২১ এএম

 গভীর রাতে বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:৫৮ পিএম

1699

বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৮টি দোকানপাট ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ঘটনায় অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘমারা বাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।

স্থানীয়রা জানান, বাজারের অধিকাংশ দোকান ও ঘর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অনেক ব্যবসায়ী তাদের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।

খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সময় লাগে বলে জানা গেছে।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা বলেন, প্রাথমিকভাবে প্রায় ৪৮টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা কোনো মালামাল রক্ষা করতে পারেননি।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রমে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময়ও অনেক ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন। বারবার এমন অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে বলে জানিয়েছেন তারা।

Link copied!