প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:৫৯ পিএম
1704
৩১ মে ২০২৬, ১২:২৮ এএম
নাগরিকদের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে নতুন সেবা ‘হ্যালো ডিসি’। এই সেবার মাধ্যমে ঢাকা জেলার যেকোনো নাগরিক সরাসরি ফোন করে জেলা প্রশাসনের কাছে অভিযোগ, মতামত কিংবা প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন।
রোববার (১৭ মে) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষের সমস্যা ও অভিযোগ দ্রুত শুনতে ‘হ্যালো ডিসি’ নামে বিশেষ সেবা চালু করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে নাগরিকরা সহজেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন নিয়মিত গণশুনানির আয়োজন করে থাকে। তবে নতুন এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ আরও সহজে তাদের অভাব-অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক নিয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ লক্ষ্যে বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের অংশগ্রহণে সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে ফরিদা খানম বলেন, গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা প্রশাসনের সামনে উঠে আসে। জেলা প্রশাসনের কোনো দপ্তরে অনিয়ম বা হয়রানির ঘটনা ঘটলে তা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।