শনিবার ৩০, মে ২০২৬

৩০ মে ২০২৬, ১০:৫২ পিএম

বৃষ্টি হবে, গরমও থাকবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:২৪ পিএম

1702

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে সারাদেশে একদিকে বৃষ্টি, অন্যদিকে গরম—এই দুই ধরনের আবহাওয়ার মিশ্র প্রভাব দেখা যাবে।

মঙ্গলবার (১৯ মে) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া পটুয়াখালীসহ খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আগামী কয়েকদিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বুধবার (২০ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্য বিভাগগুলোতে দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। ঢাকা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২২ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অন্যান্য বিভাগেও কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৩ মে) সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিন দেশের কোথাও বৃষ্টি, কোথাও গরম—এ ধরনের পরিবর্তনশীল আবহাওয়া অব্যাহত থাকবে।

Link copied!