শনিবার ৩০, মে ২০২৬

৩০ মে ২০২৬, ১০:৫২ পিএম

পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৫৪ পিএম

1704

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সফরকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরসহ দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ দূতাবাস সূত্রে জানানো হয়, সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অগ্রগতি নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু ভেপার্কের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই পক্ষ একমত হয়।

সফরের অংশ হিসেবে তিনি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রেসিডেন্ট ড্যানিয়েল টিউনিংয়ের সঙ্গেও বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন, নির্বাচন পর্যবেক্ষণ, নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধিতে আইআরআইয়ের ভূমিকার প্রশংসা করেন।

পরবর্তীতে আটলান্টিক কাউন্সিল আয়োজিত একটি গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বক্তব্য দেন। সেখানে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রগতি এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অবস্থান তুলে ধরেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী এবং একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সফরকালে বাংলাদেশ দূতাবাস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, আইআরআই এবং আটলান্টিক কাউন্সিলের কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করেন।

Link copied!