প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৪:৩১ পিএম
1696
৩০ মে ২০২৬, ১০:৫১ পিএম
ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সাথে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহায়তা ও তহবিল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২২ মে) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে তাঁর সাথে বাংলাদেশে জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট নিরসন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বৃদ্ধি, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের বহুমুখী সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জাতিসংঘের দীর্ঘদিনের ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে এই অংশীদারত্ব আরও গভীর ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতিসংঘ সবসময়ই বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি এসডিজি বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ কামনা করেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনামের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বজুড়ে সুপরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি আমাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্যও বিভিন্ন বৈশ্বিক মিশনে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা আন্তর্জাতিক দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।" শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের এই অংশগ্রহণ ও সহযোগিতা আগামীতে আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুরু থেকেই জাতিসংঘ এ ইস্যুটিকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। তবে এত দীর্ঘ সময় ধরে লাখ লাখ রোহিঙ্গার ভার বহন করা বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে পড়ছে। জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক ভূমিকার উচ্চ প্রশংসা করে একমত পোষণ করেন যে, এত বিপুলসংখ্যক শরণার্থীর বিশাল বোঝা এককভাবে বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয় এবং এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর ভূমিকা প্রয়োজন।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী আবাসিক সমন্বয়কারীকে বাংলাদেশে নতুন দায়িত্ব পালনের জন্য স্বাগত জানান এবং আবাসিক সমন্বয়কারীও নতুন দায়িত্ব গ্রহণ করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উচ্চপর্যায়ের বৈঠকে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।