রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০৫:২১ এএম

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ নেতার চিঠি !

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১১:৩৩ পিএম

1721

প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের প্রধানমন্ত্রীকে পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি চিঠিটির বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।

ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো. মিরাজুল ইসলাম। চিঠিতে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর দেশের জনগণের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সরকারের ভূমিকারও প্রশংসা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে চিঠিটি কোনো রাজনৈতিক দলের প্যাডে নয়, বরং ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছে। মো. মিরাজুল ইসলাম ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিঠির মূল বিষয়বস্তু পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় পিরোজপুর জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন ও ঠিকাদারি প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমের সময়সীমা আরও এক বছর বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একজন উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতার পক্ষ থেকে এ ধরনের চিঠি পাঠানো এবং তা প্রকাশ্যে আসার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

 

চিঠিতে যা লেখা ছিল
গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জনগণের প্রত্যক্ষ ভোটে দুই তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রানঢালা অভিনন্দন জানাই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, যুগোপযোগী নির্বাচনী ইশতেহার ও সর্বোপরি ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে দেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণেই দলের এই অসামান্য বিজয়। বাংলার জনগণ আপনাকে ও আপনার দলকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রধান হিসেবে আপনার এবার জনগণকে দেবার পালা। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হিসেবে শপথ গ্রহণের পর আপনার রাষ্ট্র নায়োকচিত নেতৃত্ব ইতোমধ্যে দেশের জনগণের কাছে সীমাহীন আশার সঞ্চার করেছে। আশা করছি আপনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ নিরাশ হবে না।

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Link copied!