প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:৩৭ এএম
1696
১৪ জুন ২০২৬, ০৩:৩৪ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টিম টাইগার্সের এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল অর্জনে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এই অভিনন্দনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে এমন অবিস্মরণীয় জয়ে প্রধানমন্ত্রী গভীর সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী ও অনুপ্রাণিত করে তুলবে।
প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করেন, দলগত ঐক্য, কঠোর শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখেই বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বক্রিকেটে আগামী দিনে আরও বড় বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে টাইগাররা। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হাতে রেখেই এক ম্যাচ বাকি থাকতে অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে বৃষ্টি আইনে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।