প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:৫০ এএম
1696
১৩ জুন ২০২৬, ০৬:২০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদে’ নতুন করে আরও ছয়জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই অন্তর্ভুক্তির ফলে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী এই কমিটির বর্তমান মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে কেন্দ্রীয় কমিটির এই ছয় নেতাকে রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন করে রাজনৈতিক পর্ষদের (পিসি) সদস্য হওয়া নেতারা হলেন—দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
এর আগে সম্প্রতি দলের আরও দুই সংসদ সদস্য—যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে এই নীতিনির্ধারণী পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির আগে এনসিপির রাজনৈতিক পর্ষদের বাকি ১০ জন সিনিয়র সদস্য হলেন—আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।