রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০৩:৩৪ এএম

জাল ভিসা নিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:২৬ এএম

1685

নকল ভ্রমণ নথিপত্র এবং জাল ভিসা ব্যবহার করে দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয় সময় জোহানেসবার্গের ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘আইউইটনেস নিউজ’-এর বরাতে জানা গেছে, ওআর তাম্বো বিমানবন্দরে সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি (বিএমএ) কর্মকর্তারা সন্দেহজনক নথিপত্র পরীক্ষা করার সময় বড় ধরনের অসংগতি খুঁজে পান। এরপর গভীরভাবে নথিসমূহ যাচাই-বাছাই শেষে কর্মকর্তারা নিশ্চিত হন যে ওই ৯ জন যাত্রীর পাসপোর্ট ও ভিসা সম্পূর্ণ জাল।

আটককৃতদের পাসপোর্ট বিশ্লেষণে দেখা যায়, ভুয়া ভিসাগুলো ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশন থেকে ইস্যু করা হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছিল।

বিএমএ জানিয়েছে, আটক হওয়া যাত্রীদের মধ্যে তিনজন নারী এবং ছয়জন পুরুষ ছিলেন। আটককৃত তিন নারী সাধারণ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছিলেন। অন্যদিকে, অভিযুক্ত ছয়জন পুরুষ প্রথমে বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তাদের ফাঁকি দিতে জাল ভারতীয় পাসপোর্ট প্রদর্শন করেন। তবে পরবর্তীতে কর্মকর্তাদের কঠোর জিজ্ঞাসাবাদ ও জেরার মুখে তারা নিজেদের আসল বাংলাদেশি পাসপোর্ট উপস্থাপন করতে বাধ্য হন।

ভিসা জালিয়াতির এই সুনির্দিষ্ট ঘটনাটি শনাক্ত হওয়ার পর বিএমএ কর্তৃপক্ষ অভিযুক্ত বাংলাদেশিদের দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অনুমতি দেয়নি। দেশটির অভিবাসন আইন অনুযায়ী, আটককৃতদের অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বর্ডার ম্যানেজমেন্ট অথরিটির (বিএমএ) মুখপাত্র মেমে মোগোৎসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ভয়াবহ ভিসা জালিয়াতির পেছনে কোনো আন্তর্জাতিক মানবপাচারকারী বা সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত আছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এই ভুয়া ভিসা তৈরির মূল উৎস ও মূলহোতাদের শনাক্ত করতে জোর অনুসন্ধান চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার আইন প্রয়োগকারী সংস্থা।

Link copied!