রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ এজেন্ডার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

2009

ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে দুটি অধ্যাদেশের খসড়া ও ১১টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মোট ১৩টি এজেন্ডা উত্থাপিত হয়। এর মধ্যে ১১টি এজেন্ডা চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং দুটি অধ্যাদেশের খসড়া আরও যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন (রোহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ, ২০২৬ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) চুক্তির খসড়া, বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (বিজিইপিএ) স্বাক্ষরের প্রস্তাব এবং জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬ অনুমোদন পায়।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারির সরকারি ছুটির পাশাপাশি ভোটার উপস্থিতি বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) নীতি, ২০২৬-এর খসড়া অধিকতর পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

Link copied!