শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

তেল নিতে দীর্ঘ অপেক্ষা: রমনা পাম্পে এক কিলোমিটারজুড়ে গাড়ির সারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

2005

রাজধানীর মৎস্যভবন এলাকায় অবস্থিত রমনা পেট্রোল পাম্পে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকেরা। পাম্পটির চারপাশের সড়কে প্রায় এক কিলোমিটারজুড়ে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহনগুলোকে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সরেজমিনে এলাকা পরিদর্শন করে এবং চালকদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। সেগুনবাগিচা সড়ক হয়ে শিল্পকলা একাডেমির সামনে দিয়ে মৎস্যভবন পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ লাইন গণপূর্ত ভবনের গেট পর্যন্ত পৌঁছেছে।

দেখা যায়, পাম্পে প্রবেশের জন্য শৃঙ্খলা বজায় রাখতে আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। রশি দিয়ে নির্দিষ্ট পথ তৈরি করে মোটরসাইকেল ও প্রাইভেটকার আলাদাভাবে প্রবেশ করানো হচ্ছে। প্রতিটি লাইনে একসঙ্গে দুটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেটকার প্রবেশের সুযোগ পাচ্ছে। মোটরসাইকেল প্রতি নির্দিষ্ট পরিমাণ, প্রায় ৫০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে।

এদিকে লাইনের বাইরে থেকে কিছু চালক মাঝেমধ্যে জোর করে প্রবেশের চেষ্টা করছেন। এতে লাইনে অপেক্ষমাণদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং কিছু ক্ষেত্রে তর্ক-বিতর্কের ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পাম্পের ভেতরে অপেক্ষমাণ এক চালক জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে লাইনে দাঁড়িয়ে পাম্পে পৌঁছাতে তার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। তিনি বলেন, এত দীর্ঘ সময় শুধু তেল সংগ্রহে ব্যয় হলে দৈনন্দিন কাজকর্মে বড় ধরনের বিঘ্ন ঘটে।

অন্যদিকে লাইনের শেষ প্রান্তে থাকা এক প্রাইভেটকার চালক বলেন, তিনি সদ্য লাইনে যোগ দিয়েছেন এবং পুরো পথ অতিক্রম করতে কত সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তবে পাম্পে তেল পাওয়া যাচ্ছে—এই বিষয়টিকেই তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

পাম্প কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টা থেকে তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাম্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সকল কর্মী কাজ করছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Link copied!