প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১০:৪১ এএম
1711
০৬ জুন ২০২৬, ০৪:০৬ এএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গাড়ী দুর্ঘটনা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গাড়ী দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পায়।
মঙ্গলবার (২ জুন) ভোর প্রায় ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ট্রাকের পেছনের অংশে ঢুকে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছয়জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা তাদের দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ফলে এ দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা পাঁচজনে পৌঁছায়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।