প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১০:১৭ এএম
1707
০৬ জুন ২০২৬, ০৪:০৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রাম সিটি করপোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরে যাওয়ার একটি প্রস্তাব অনুমোদন পায়নি। প্রস্তাবিত সফরে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচজন কর্মকর্তার অংশ নেওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মশক নিধনসংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হয়।
সারসংক্ষেপটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সফর অনুমোদন না দিয়ে এ বিষয়ে একটি মন্তব্য করেন। তিনি বলেন, মশক নিধনের পদ্ধতি শেখা বা পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতিতেই এ বিষয়ে কার্যকর অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।
প্রধানমন্ত্রী মন্তব্য করেন, সন্ধ্যার পর দেশের যেকোনো ডোবা বা জলাবদ্ধ এলাকার পাশে কয়েক ঘণ্টা অবস্থান করলেই মশক নিয়ন্ত্রণের নানা উদ্ভাবনী উপায় সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তার এই মন্তব্যের মাধ্যমে স্থানীয় বাস্তবতার ভিত্তিতে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বিদেশ সফরের প্রস্তাবটি যথাযথ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করা হয়েছিল। তবে তা অনুমোদন না দিয়ে দেশীয় বাস্তব অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় সরকারি ব্যয়, বিদেশ সফরের প্রয়োজনীয়তা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে, মশকবাহিত রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।