প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম
2003
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। নতুন সরকার গঠনের পর এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোমবার থেকে তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। সফরের সময় বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরকালে ব্যারোনেস উইন্টারটন সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রবৃদ্ধি, বিনিয়োগ সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া, বাংলাদেশে কার্যরত যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরের অন্যতম লক্ষ্য হলো—দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা।
সফরের অংশ হিসেবে তিনি দেশের কয়েকটি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যেগুলো যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিটিসিএস) সুবিধা ব্যবহার করে পণ্য রপ্তানি করছে। এই স্কিমের আওতায় শুল্কমুক্ত বাজার সুবিধা, সহজতর বাণিজ্য নীতি এবং রপ্তানি বৈচিত্র্যকরণে উৎসাহ দেওয়া হয়।
ডিটিসিএস সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম বড় উপকারভোগী দেশ। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক দামে পণ্য রপ্তানির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে।
সফর প্রসঙ্গে ব্যারোনেস উইন্টারটন বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে নতুন সুযোগ খুঁজে বের করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও দৃঢ় হবে।
বর্তমানে যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।