বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে বিসিবির অবস্থান স্পষ্ট

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম

5

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান সমন্বয় জোরদারে ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমে আলোচনায় আসার পর বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার নাফীস এ বিষয়ে কথা বলেন।

শাহরিয়ার নাফীস জানান, দ্বিপাক্ষিক সিরিজগুলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-এর অংশ। ভারতের বিপক্ষে যে সিরিজটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা নতুন সময়সূচি অনুযায়ী এ বছর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডের মতো ভারতীয় বোর্ডের সঙ্গেও নিয়মিত যোগাযোগ বজায় রাখছে বিসিবি। চলমান পরিস্থিতি কাটিয়ে উঠতে পারস্পরিক আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প চলছে। এ বিষয়ে শাহরিয়ার নাফীস জানান, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছেন এবং অনুশীলনের মান সন্তোষজনক। গরম আবহাওয়ার মধ্যেও তারা দ্রুত মানিয়ে নিচ্ছেন।

তিনি বলেন, শুরুতে অনুশীলন কার্যক্রমে ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হলেও বর্তমানে স্কিল, ফিটনেস ও ফিল্ডিং—সবকিছুর সমন্বয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি চলছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে এই প্রস্তুতি দলকে ভালো অবস্থানে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Link copied!