রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

শুভেচ্ছা সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

2006

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের শুভেচ্ছা সফরে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সফরকালে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আলোচনায় ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ, বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাবে।

বিশেষ করে পারস্পরিক সম্মান, আস্থা ও পারস্পরিক লাভের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও গতিশীল ও ইতিবাচক করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরদিন ৮ এপ্রিল এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে তিনি ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। জানা গেছে, দিল্লি সফর শেষে তিনি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই বিমানে করে মরিশাসে যাবেন।

Link copied!