প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম
2002
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন হুমায়ুন কবির
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় এগোনোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিয়মিত বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা ও তার দল দেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়। তবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন তিনি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলবে বলেও তিনি উল্লেখ করেন।
ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফিরিয়ে আনা সম্ভব।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত সফরের বিষয়ে তিনি জানান, সফরটি ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। পারস্পরিক সদিচ্ছা থাকলে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দ্রুত চালুর বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক অগ্রগতি পাওয়া যেতে পারে।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর মধ্যেই প্রথম সফর হতে পারে, তবে বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের জনগণ নির্বাচিত সরকারের প্রতি আস্থা রাখে। তাই জাতীয় স্বার্থ রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।