প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম
15
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
মিসরাতায় মেয়রের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠকের দৃশ্য
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা মিউনিসিপালিটির মেয়র মাহমুদ আল-সাগুত্রির সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সোমবার (১৩ এপ্রিল) মিসরাতা শহরে মেয়রের দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে শহরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
বৈঠকে মেয়র মাহমুদ আল-সাগুত্রি বলেন, মিসরাতা লিবিয়ার অন্যতম নিরাপদ শহর এবং এখানে বসবাসরত সকল নাগরিকের জন্য নিয়মিত সেবা নিশ্চিত করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশি কর্মীরা শহরের বিভিন্ন সেবা খাত, ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরও জানান, বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে মিউনিসিপালিটি সক্রিয়ভাবে কাজ করছে।
পাবলিক সার্ভিস কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাদের প্রতিষ্ঠানে বর্তমানে শতাধিক বাংলাদেশি কর্মী কাজ করছেন। তাদের দক্ষতা ও নিয়মিত কর্মসম্পাদন শহরের সেবা কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কর্মীদের নিয়োগের আগে কাজের পরিবেশ সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রদূত মো. হাবীব উল্লাহ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় মেয়রকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি মিসরাতায় বসবাসরত বাংলাদেশিদের জন্য পরিচয়পত্র প্রদানের প্রস্তাব দেন, যাতে তাদের সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হয়। মেয়র এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের চুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন—বেতন প্রেরণ, কর্মঘণ্টা ও কর্মপরিবেশ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ নিয়োগ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন।