সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৯:০৭ এএম

কঠোর নজরদারিতে শুরু এসএসসি পরীক্ষা, সিসিটিভি ও লাইভ মনিটরিং চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

1691

সারা দেশে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা।

সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলা প্রথমপত্রের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এসব ফুটেজ কমপক্ষে ৩০ দিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থাও চালু রয়েছে।

প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে তাৎক্ষণিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ফয়েল প্যাক ও বিশেষ নিরাপত্তা খাম ব্যবহার করা হচ্ছে। পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে তা খোলা হচ্ছে। এছাড়া ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ডিজিটাল নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রশ্নফাঁস প্রতিরোধে সংশ্লিষ্টদের তালিকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধন করে ডিজিটাল অপরাধ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেন্দ্র সচিবদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে। পরীক্ষা শুরুর পরপরই ওয়াশরুম তল্লাশি এবং প্রতি আধা ঘণ্টা পর তা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রগুলোকে নির্দেশ দিয়েছে।

Link copied!