সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৯:০৮ এএম

গণরুম-গেস্টরুম সংস্কৃতিতে জড়িত থাকলে মামলা, সতর্ক করলেন ঢাবি ছাত্রদল সভাপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

1693

গণেশ চন্দ্র রায় সাহস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম ও গেস্টরুম সংস্কৃতির মতো বিতর্কিত কার্যক্রম আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে সংগঠনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনার প্রতিবাদে টিএসসি এলাকায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচির আগে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল সভাপতি বলেন, অতীতে যে গণরুম-গেস্টরুম সংস্কৃতি ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করেছে, তা থেকে সরে এসে শিক্ষার্থীদের জন্য একটি স্বাভাবিক ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে চায় তাদের সংগঠন। এ ধরনের কোনো অনিয়মে ছাত্রদলের সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির পেছনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ভূমিকা রয়েছে। তার দাবি, একটি নির্দিষ্ট সময়ের পর থেকে ‘মব কালচার’ উসকে দিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ানো হচ্ছে।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হামলা বা সহিংসতার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, অতীতে কিছু রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায় এড়ানো যাবে না।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেয়াললিখনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলেও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হামলার পথ বেছে নেওয়া অনাকাঙ্ক্ষিত। তার মতে, যেসব ক্যাম্পাসে একটি পক্ষ প্রভাবশালী, সেখানে সহিংসতার ঝুঁকি বেশি থাকে।
সার্বিক পরিস্থিতিতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন ছাত্রদল নেতারা।

Link copied!